মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার যানজট নিরসন ও আসন্ন ঈদ-উল – ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে ময়মনসিংহ নগরীতে অভিযান পরিচালনা করা হয়।
আজ ১৭মার্চ মঙ্গলবার নগরীর মেডিকেল কলেজ, মাসকান্দা ও দিঘারকান্দা বাইপাস এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে, সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
নগরীর চরপাড়া মোড় হতে শুরু করে ময়মনসিংহ মেডিকেল কলেজ সম্মুখ ও সংলগ্ন এলাকাসহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট অপসারণের নির্দেশ দেওয়া হয়। সড়কে অযাচিত পার্কিং (এম্বুলেন্স, প্রাইভেট কার, সিএনজি, অটো ইত্যাদি) অপসারণ করে যান চলাচল মসৃণ করা হয়।
ঈদ উপলক্ষ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলার ঘরমুখো মানুষের যাত্রা নির্ঝঞ্ঝাট করতে দিঘারকান্দা বাইপাস এলাকায় যানবাহন চলাচল মসৃণ ও সহজীকরণের উদ্যোগ নিয়ে ফুটপাত ও মহাসড়ক সিএনজি-অটোরিক্সা, অবৈধ দোকানপাট, হকার, ফলমূলের দোকান ইত্যাদি থেকে দখলমুক্ত করা হয়। ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে মর্মে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান গণপরিবহনগুলোকে স্থবির না থাকতে নির্দেশ দেওয়া হয়।
মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ এর নেতৃত্বে উক্ত কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি, জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ-৪, মোহাম্মদ জাকির হোসেন এমপি , জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ-৫, মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার,ময়মনসিংহ।
মোঃ রোকনুজ্জামান রোকন, নবনিযুক্ত প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ পরিবহন মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিবৃন্দ।
জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানা যায়।

