আমিরাত প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের শারজায় উৎসবমুখর পরিবেশে উন্মোচিত হলো স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ট্রফি। আগামী ২৬শে মার্চ উদ্বোধনী খেলা লটারির মাধ্যমে নির্ধারিত চিটাগং এফসি বনাম বিএফসি সিটি মহান স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে শারজাহ গ্রাউন্ড স্পোর্টস মাঠে ইউচ স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন’ এই বিশাল ফুটবল আসরের আয়োজন করতে যাচ্ছে।
শুক্রবার (১৩ মার্চ) রাতে শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শারজাহ ইউচ স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শহিদুল ইসলাম, রাকিব হোসেন, সাইফুল ইসলাম, আকতার হোসেন, নুরুল আবছার, রফিকুল ইসলাম, মহসিন, কামাল এবং এম এ সালামসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ১২টি টিমের খেলোয়াড় এবং সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টের সবচেয়ে চমকপ্রদ এবং আলোচিত দিক হলো এর পুরস্কার। আয়োজক কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, টুর্নামেন্টের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে বিশ্বের অন্যতম বিলাসবহুল ব্র্যান্ড ‘মার্সিডিজ বেঞ্জ’ গাড়ী। প্রবাসে আয়োজিত কোনো ফুটবল টুর্নামেন্টে এমন রাজকীয় পুরস্কারের ঘোষণা খেলোয়াড় এবং দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আলোড়ন সৃষ্টি করেছে।
আয়োজক কমিটি জানান,প্রবাসের যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝেও বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখা এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। সেই সাথে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সকল প্রবাসী বাংলাদেশিদের আমিরাতের প্রচলিত আইন ও নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে খেলাধুলাই হোক অন্যতম মাধ্যম এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
আয়োজক কমিটি এই ফুটবল আসরকে সফল করতে এবং প্রবাসীদের জন্য একটি সুন্দর আনন্দঘন পরিবেশ তৈরি করতে নিরলস কাজ করে যাচ্ছে। টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা স্থানীয় প্রবাসী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

