মো: আতাউর রহমান সরকার (মতলব উত্তর প্রতিনিধি):
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তার চাল নিতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও অসহায় মানুষ। অভিযোগ উঠেছে, চাল সংগ্রহ করতে গিয়ে অনেক সুবিধাভোগীকে কোমরসমান পানিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধনাগোদা নদীর নৌকায় করে একটি স্থানে অসহায় পরিবারের মধ্যে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়। তবে বিতরণস্থলে পৌঁছাতে সুবিধাভোগীদের নদীর পানির মধ্যে দিয়ে যেতে হয়। ফলে নারী, বৃদ্ধসহ অনেকেই কোমর পানিতে দাঁড়িয়ে লাইনে থেকে চাল নিতে বাধ্য হন।
সুবিধাভোগীদের কয়েকজন জানান, পানির মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। অনেকের মতে, অল্প কিছু চালের জন্য কোমরসমান পানিতে দাঁড়িয়ে থাকতে হওয়ায় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এতে কয়েকশ টাকার খাদ্য সহায়তা নিতে গিয়ে মানুষের হাজার হাজার টাকার চিকিৎসা ব্যয়ের সম্ভাবনাও রয়েছে।
এ ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন চাইলে সহজে যাতায়াতযোগ্য ও শুকনো কোনো স্থানে চাল বিতরণের ব্যবস্থা করতে পারত। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে মানবিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

