মো: আতাউর রহমান সরকার ( মতলব উত্তর প্রতিনিধি) :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে পেট্রোলিয়াম বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অদ্য বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ব্রাহ্মণচক বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রহমত উল্ল্যাহ।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে পেট্রোলিয়াম মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ব্যবসায়ীর মজুদকৃত ২৩ ব্যারেল ডিজেল ও ৯ ব্যারেল পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে তার বিক্রয় রশিদ কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মোবাইল কোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

