আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ইসলামি ধর্মে গান-বাজনা নিষিদ্ধ, এমন দাবি তুলে চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাইকে গান বাজানো নিষিদ্ধ করে দিয়েছেন একদল ধর্মীয় নেতা। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে সাত কিলোমিটার দূরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া-পোড়াগ্রাম এলাকায়। ওই গ্রামে গত দুই মাস ধরে নিষিদ্ধ রয়েছে মাইকে গান বাজানো।
তেররশিয়া-পোড়াগ্রাম জামে মসজিদের ইমাম স্থানীয়দের নিয়ে ‘সমাজ রক্ষা কমিটি’ গঠন করে এই উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও প্রশাসন বলছে, দেশের প্রচলিত আইনে এমন নিষেধাজ্ঞার কোনো সুযোগ নেই।
মাইকে গান বাজনা নিষিদ্ধ!
স্থানীয়দের অভিযোগ, একদল কমিটি গঠন করে গান বাজনা নিষিদ্ধ করা হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে ব্যবস্থা নেয়।
স্থানীয়রা বলেন, গ্রাম দুই মাস আগে বিয়ে, মিলাদ, জন্মদিন অনুষ্ঠানসহ সব আয়োজনেই গান বা বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়েছে। সমাজ রক্ষা কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে মাইকে ঘোষণা করেন গান বা বাদ্যযন্ত্র বাজানো যাবে না। গ্রামের মানুষ তো নয়ই, বাইরের কেউ এসে সেই গ্রামে গান বাজালেও নিষেধ করা হয়। যদি কেউ বাড়িতে গান বাজায় তাহলে সেই বাড়িতে বিয়ে পড়াতে যাবেন না ইমামরা।
সংবাদে আরও দেখা যায়, পোড়াগ্রাম এলাকার কিছু বাসিন্দার উদ্যোগে গান বাজনা ও সব ধরনের বাদ্যযন্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রামের মোড়ে মোড়ে ফেস্টুন টাঙানো হয়েছে।
এ সময় কথা হয় পোড়াগ্রামের যুবকের সঙ্গে। তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে গান বাজনা হারাম। মসজিদের ইমামসহ গ্রামের আরও বাসিন্দা বলেন, এজন্য (ফতোয়া) নির্দেশে এসব করা হয়েছে।
আমরা গ্রামের যুবক ও বয়স্করা উদ্যোগ নিয়েছি, আমাদের এলাকায় গান বাজাতে দেওয়া হবে না।
বিয়ে বাড়িতে গান বাজানো হবে না উল্লেখ করে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, এই গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানো হয় না। যদি গান বাজানো হয় তাহলে মোল্লা সেই বাড়িতে বিয়ে পড়াতে যাবেন না।
তেররশিয়া-পোড়াগ্রাম জামে মসজিদের খতিব আব্দুল মালেক বিন জলিলুর রহমান বলেন, আলেম হিসেবে আমাদের দায়িত্ব সমাজ সংশোধন করা। বিপথগামী মানুষকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য কাজ করছি।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রামিস করিম বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। যে ব্যানার টাঙানো হয়েছিল তা অপসারণ করা হয়েছে এবং যারা পোস্টার ঝুলিয়েছিল তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

