মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে “রমজানের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজারহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। এ ছাড়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এনসিপির জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ পবিত্র রমজান মাসের আধ্যাত্মিক শিক্ষা ও সামাজিক গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, রমজানের শিক্ষা মানুষকে নৈতিকতা, আত্মসংযম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।
তিনি কুড়িগ্রাম জেলার উন্নয়ন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরে বলেন, জেলার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে কুড়িগ্রামকে একটি আধুনিক ও উন্নয়নশীল জেলায় রূপান্তর করা হবে। একই সঙ্গে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কুড়িগ্রাম থেকে মাদক সংক্রান্ত সব ধরনের সমস্যা নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবাই একত্রে ইফতার গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা রমজানের শিক্ষাকে পাথেয় করে ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

