আরিফুল ইসলাম খান, সিরাজদিখান প্রতিনিধি:
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ-এর নির্দেশনায় সিরাজদিখান উপজেলার নিমতলা বাজার সংলগ্ন খালে বাজারের ময়লা-আবর্জনা ডাম্পিং বন্ধ করার লক্ষ্যে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ময়লা-আবর্জনা ফেলার জন্য উপযুক্ত স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়।
পরিদর্শনকালে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, স্থানীয় ইউপি সদস্য নয়ন রোজারিও, বাজার কমিটির সভাপতি ও বাজারের ইজারাদার উপস্থিত ছিলেন। এ সময় পাশ্ববর্তী সিকদার মার্কেট সংলগ্ন একটি ফাঁকা জায়গায় গভীর গর্ত করে ময়লা-আবর্জনা ফেলার উপযোগী স্থান হিসেবে প্রস্তুত করার জন্য মেম্বার নয়ন রোজারিওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া নির্ধারিত স্থান ব্যতীত বাজার সংলগ্ন খালে কোনোভাবেই ময়লা-আবর্জনা ডাম্পিং না করার বিষয়ে বাজার কমিটির সভাপতি, ইজারাদার ও ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। পুনরায় খালে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে বলেও জানানো হয়েছে।

