মোঃ ইয়াছিন পালোয়ান, চাঁদপুর
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন একতা ফাউন্ডেশন। ১১ নং চরদুখিয়া পূর্ব ইউনিয়নের তুলাতুলি বাজার সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রমজানের পবিত্রতাকে সামনে রেখে ২০২৬ সালের তৃতীয় রমজানে একুশে ফেব্রুয়ারি শনিবার সকালে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রীগুলো বিতরণ করা হয়। চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা।
সংগঠনের সদস্যরা জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। রমজানের এ সময়ে কেউ যেন কষ্টে ইফতার না করে, সেই ভাবনা থেকেই এ উদ্যোগ।
সংগঠনের পরিচালক আরমান হোসেন সিয়াম বলেন আমরা শুধু এ বছরই নয়, বিগত সময়েও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক আরমান হোসেন সিয়াম, উপ-সম্পাদক রিয়াজ মিজি, অর্থ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল পাটোয়ারী,প্রচার সম্পাদক শামসুল ইসলাম রনি, সদস্য রুবেল হোসেন ও রিওন ঢালীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ কর্মসূচি বাস্তবায়নে প্রবাসী উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একতা ফাউন্ডেশনের উপদেষ্টা (দুবাই প্রবাসী) দুলাল হোসেন, ফারুক শেখ, (সৌদি প্রবাসী) অপু পাটোয়ারী, মোঃ পারভেজ, (দুবাই প্রবাসী) ইয়াছিন পাটোয়ারী, (সৌদি প্রবাসী) বিফলপ পাটোয়ারী, জসিম ঢালীসহ আরও অনেক প্রবাসী ও দেশীয় ভাই-বোনেরা আর্থিক সহায়তা প্রদান করেন। তাদের আন্তরিক সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ সকল সহযোগী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয়রা একতা ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করে।

