আরিফুল ইসলাম খান, সিরাজদিখান প্রতিনিধি :-
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সিরাজদিখান উপজেলা প্রশাসন। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পার্পণ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা-এর বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অমর একুশ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ এক আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ ও তাঁর দলীয় নেতৃবৃন্দ। আলোচনা সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় করণীয় বিষয় নিয়ে বক্তারা আলোকপাত করেন।
অনুষ্ঠানে সিরাজদিখান প্রেসক্লাব-এর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস পালন করা হয়।

