বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বল্প সুদের ঋণ প্রদানের মাধ্যমে আর্থিকভাবে আরও শক্তিশালী করে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। বিশিষ্ট জনের উপস্থিতিতে প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া দীর্ঘদিন ধরেই সারা ভারতজুড়ে এমএসএমই উদ্যোক্তাদের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় কয়েক মাস আগে ডালহৌসি হেডকোয়ার্টারে শতাধিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর মধ্যে ঋণ বিতরণ করা হয়েছিল, যার ফলে তাঁদের ব্যবসায়িক অগ্রগতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। এবার সেই উদ্যোগকে আরও বিস্তৃত করে পশ্চিমবঙ্গজুড়ে ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার শ্রী বীরেন্দ্র কুমার মেহতা। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা জোনের জোনাল হেড শ্রী তারসিম সিং জিরা, তালবান্দা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী বিবেকানন্দ ভৌমিক, এ.এ. প্লাস্টর স্বত্বাধিকারী শ্রী রঞ্জিত চৌধুরী এবং বিসিডিএ-র সম্পাদক শ্রী পার্থ প্রতিম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গ্রাহকদের সঙ্গে একটি উন্মুক্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়, যেখানে তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্পষ্ট করে জানান, এটি শুধুমাত্র ঋণ বিতরণ কর্মসূচি নয়, বরং তৃণমূল স্তরের উদ্যোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ আউটরিচ উদ্যোগ।
এই ক্যাম্পে প্রায় ৮০০ কোটি টাকা মূল্যের ৫৫টি ঋণ অনুমোদনপত্র ঋণগ্রহীতাদের হাতে তুলে দেওয়া হয়। এমএসএমই ক্ষেত্রের বিকাশে এই উদ্যোগকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন ব্যাঙ্ক কর্মকর্তারা।

