বাইজিদ মন্ডল:-
আলিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হলো সমাজসেবামূলক সংগঠন মানবতার বার্ষিক মিলনোৎসব ‘মানবতা পুনর্মিলন ২০২৫’। অনুষ্ঠানের শুভ সূচনা হয় হাফেজ মাওলানা ক্কারী খালি ইকবাল এর পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে। এরপর প্রতীকী বৃক্ষরোপণ, ‘কালচারাল ফন্ট’ শিল্পী গোষ্ঠীর সমবেত কণ্ঠে উদ্বোধনী সংগীত পরিবেশন এবং বীর দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় ও স্মারক প্রদান করে সংস্থার পক্ষ থেকে যথাযথ সম্মান জ্ঞাপন করা হয়।
এই অনুষ্ঠানে রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান-কে মানবতা সংস্থার পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
এদিন ‘মানবতা ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৬’-এ কৃতিত্বের স্বাক্ষর রাখা মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার প্রসারে উৎসাহ দেওয়ার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিঃস্বার্থভাবে অবদান রাখা গুণী ব্যক্তিত্বদের সম্মান জানাতে প্রদান করা হয় ‘মানবতা সম্মাননা ২০২৫’। পাশাপাশি মানবতা সংস্থার সঙ্গে যুক্ত শুভানুধ্যায়ী, বন্ধু সংস্থা, সমাজকর্মী এবং সংগঠনের কার্যক্রমে বিশেষ ভূমিকা পালনকারী ব্যক্তিদের ‘মানবতা সুহৃদ সম্মান’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রকাশিত হয় মানবতা সংস্থার মুখপত্র ‘মানবতা নিউজলেটার ২০২৫’, আসন্ন পবিত্র রমজানের জন্য রমজান সময়সূচি ক্যালেন্ডার ও ইংরেজি ক্যালেন্ডার। এছাড়াও মানবতা সংস্থার ৪ মিনিটের একটি থিম সংগীত এবং বিগত কার্যক্রম নিয়ে নির্মিত একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শিত হয়। বিনোদনের জন্য ছিল স্বল্প সময়ের ম্যাজিক শো, সঙ্গীত ও আবৃতি ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, আল আমিন মিশনের সুপারভাইজার ও মানবতার চিফ অ্যাডভাইজার আলহাজ মারুফ আজম, অবসরপ্রাপ্ত (প্রাক্তন WBCS) আধিকারিক ও মানবতা ট্যালেন্ট সার্চ এক্সামের ডিরেক্টর আরফান আলি বিশ্বাস, সংস্থার সভাপতি শিক্ষক মর্তোজা নোগাবান, মানবতা সংগঠনের কর্ণধার জুলফিকার আলী পিয়াদা, ক্যারিয়ার কাউন্সিলার কাম সাইকো সাপোর্টার মহসিন আলি অধ্যাপক বাদুদেব ভট্টাচার্য, নূর আমীন, বিজ্ঞানী আবদুল গফুর, প্রফেসর ডা. খন্দকার ফরিদুদ্দিন, ডা. বাবুল রহমান, তথ্যচিত্র নির্মাতা মুজিবর রহমান, ফাদার গৌরব সিংহ রায়, ভাঙড় থানার ওসি মিদ্যা ইমামুদ্দিন, কবি ফাল্গুনি ঘোষ, শিক্ষক আবু সিদ্দিক খান-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনাপুর কলেজের অধ্যাপক হাশেম আব্দুল হালিম (মুকুল)।
গান কবিতা আবৃতি তথ্যচিত্র ম্যাজিক শো সব মিলিয়ে অনুষ্ঠান হয়ে ওঠে আনন্দমুখর। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক মিলনমেলা।

