মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি :
বিলাইছড়ি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দিন ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাঙামাটি-২৯৯ আসনের আওতাধীন বিলাইছড়ি উপজেলা বাজার, টেংরাছড়ি, বলতলী ও গবাগোনা এলাকায় দিনব্যাপী এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও পথসভায় আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দিন বলেন, “বিলাইছড়ি উপজেলা আজও অবহেলিত। সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ঘাটতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। এই উপজেলাকে আর পিছিয়ে রাখা যাবে না। নির্বাচিত হলে এখানে আধুনিক হাসপাতাল, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবো। বিলাইছড়িকে উন্নয়নের মূল স্রোতে আনাই আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, শ্রমিক নেতা দিদারুল আলমসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণসংযোগকালে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা পৌঁছে দেন।

