মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটি, ১৮ জানুয়ারি ২০২৬: রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ পুলিশ লাইন্স, রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. ইকবাল হোছাইন, পিপিএম।
সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের নানাবিধ সমস্যা ও প্রস্তাবনা পুলিশ সুপার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় মনোযোগসহকারে সদস্যদের বক্তব্য শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। পাশাপাশি অন্যান্য সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় প্রশাসনিক শৃঙ্খলা, নৈতিক স্খলন রোধ, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এ সময় বিগত মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নির্বাচিত অফিসার ও ফোর্স সদস্যদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত ১২ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান করিয়ে দেন পুলিশ সুপার মহোদয়।
সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

