কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাথালিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে । এ বিষয়ে আহতের ছেলে আসিফ হোসেন চার জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত হলেন, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া এলাকায় মৃত : তফিজ উদ্দিন তহিজ এর ছেলে আফাজ উদ্দিন (৬০)।
আহত ব্যক্তি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযুক্তরা হলেন, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া এলাকার তফিজ উদ্দিন তহিজ এর ছেলে হাবেজ উদ্দিন ও তার ছেলে সোহেল, রুবেল ও স্ত্রী সূর্যবানু ওরফে শুরকি।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জাথালিয়া মৌজাস্থিত আফাজ উদ্দিন পৈত্রিক ও ওয়ারিশ ক্রয়সূত্রে ৩৫ শতাংশ জমির মালিক হয় । দীর্ঘদিন ধরে ওই জমি স্বজনেরা অবৈধভাবে দখলে রয়েছে । পাশাপাশি বন্ধক দেওয়া আরও ৪০ শতাংশ জমি দখলের চেষ্টা চালাচ্ছিল বিবাদীরা। গত ১৭ জানুয়ারি (রোববার) দুপুরে বন্ধক দেওয়া জমিতে চাষাবাদ করতে গেলে বিবাদীরা বাধা দেয় এবং চাষীকে মারধরের চেষ্টা করে।
এ ঘটনার জের ধরে ১৮ জানুয়ারি সকালে উপজেলার জাথালিয়া সিংগাপুর বাজার সংলগ্ন জমিতে চাষাবাদে বাধা দেওয়ার কারণ জানতে গেলে আফাজ উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।একপর্যায়ে অভিযুক্ত হাবেজ উদ্দিন (৭০) হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আফাজ উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য অভিযুক্তরাও লাঠিসোঁটা ও কিল-ঘুষি দিয়ে তাঁকে এলোপাতাড়ি ভাবে মারধর করে।
স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত আফাজ উদ্দিনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

