মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটি সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দুঃস্থ, অসহায়, গরিব ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় কাদের মার্কেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি-বাঙালি সকল জাতিগোষ্ঠীর শতাধিক সুবিধা বঞ্চিত খেটে খাওয়া পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।
আমজনতার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি সুশীল জীবন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
দুঃস্থ, অসহায়, গরীব ও শীতার্ত পরিবার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, “শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীকে নিয়ে সম্প্রীতির রাঙামাটি গড়াই আমাদের লক্ষ্য।” সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সুশীল জীবন চাকমা বলেন, আমজনতার দল সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

