মোঃ আতাউর রহমান সরকার, মতলব উত্তর প্রতিনিধি
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চাঁদপুরের অধীনে মেঘনা–ধনাগোদা সেচ প্রকল্পের আওতাভুক্ত সরকারি লিজকৃত একটি ফিশারি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ করেছেন প্রবাসী ব্যবসায়ী ডি কে আরিফ।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ভাটি রসুলপুর এলাকায় ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন ফিশারিটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বৈধভাবে ডি কে আরিফকে লিজ প্রদান করে। বর্তমানে লিজকৃত প্রায় ৬ একর জমিতে তিনি প্রায় সাড়ে ৩ কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগে আরও বলা হয়, ফিশারিটি দখলের উদ্দেশ্যে স্থানীয় হাবিব উল্লাহ (৫০), ছানাউল্লাহ (৬৫), ওমর হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১০–১২ জন ব্যক্তি ঘটনাস্থলে এসে ফিশারি দখল ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় বাদী ডি কে আরিফের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
এ বিষয়ে অভিযুক্ত ছানাউল্লাহ জানান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। তবে ডি কে আরিফের সঙ্গে বাকবিতণ্ডার বিষয়টি তিনি স্বীকার করেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পানি উন্নয়ন বোর্ডে কোনো লিখিত অভিযোগ না দিয়েই ঘটনাস্থলে এসে পেশিশক্তি প্রদর্শন করে।
ঘটনার প্রেক্ষিতে শনিবার মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ডি কে আরিফ।
এদিকে লিজ সংক্রান্ত বিষয়ে মেঘনা–ধনাগোদা সেচ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী তন্ময় পাল জানান, ডি কে আরিফ পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত একজন বৈধ লিজগ্রহীতা। লিজ সংক্রান্ত কোনো জটিলতা নেই এবং সর্বশেষ লিজ প্রদান কার্যক্রম এখনো বহাল রয়েছে।

