মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটি সদর উপজেলার বনরুপা এলাকার ট্রাইবাল আদাম নামক স্থানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুরে রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে মেরিন চাকমার একটি কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রাঙামাটি ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। মাত্র দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
দুটি ইউনিটের মধ্যে একটি পানিবাহী গাড়ি ও অপরটি টানা গাড়ি আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ প্রচেষ্টায় দুপুর ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং দুপুর ৩টা ৩০ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়।
এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি স্টেশন অফিসার জনাব মোঃ নুরুল হুদার নেতৃত্বে পরিচালিত হয়। আগুন নির্বাপণ শেষে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দুপুর ৩টা ৫৭ মিনিটে স্টেশনে প্রত্যাবর্তন করে।
প্রয়োজনে রাঙামাটি ফায়ার স্টেশনের নম্বর ০১৯০১-০২১৬৩৭ অথবা জাতীয় হটলাইন ১০২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

