মোঃ হোসেন গাজী,চাঁদপুর
মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চ্যানেল আই এর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার বাবু। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদি এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার ১০ জানুয়ারি সাপদী আবেদীয়া জলিলিয়া মহিলা মাদ্রাসার মাঠে এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করে রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশন। অনুষ্ঠানে শিশু, নারী ও বয়স্কসহ ১ হাজার দুঃস্থ মানুষ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন। পাশাপাশি ১ হাজার শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শীতবস্ত্র।
অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব দুস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। অসহায় দুঃস্থ মানুষের জন্য সরকার ও বিভিন্ন এনজিও সংস্থা কাজ করলে তাদের উন্নতি হবে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। অনুষ্ঠানে বালিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান নান্নু, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ বহদ্দার, সাপদী আবেদীয়া জলিলিয়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা ফরিদ আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি যুবায়ের হাসান রিফাতসহ অন্যান্যরা সার্বিক সহযোগিতা করেন।

