মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন “কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন” এর উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে জেলার নগুয়া প্রথম মোড়, স্বপ্ন কুটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মো. মোজাম্মেল হোসেন তার বক্তব্যে বলেন, আজ আমি বক্তৃতা শুরু করতে চাই একটি প্রশ্ন দিয়ে, আমরা সামাজিক সংগঠন কেন করি? শুধুমাত্র একটি নাম, একটি পদবি পাওয়ার জন্য? নাকি এর পেছনে আরও বড় কোনো দায়িত্ব আছে? আমাদের সামাজিক সংগঠন করার উদ্দেশ্য হলো মানুষের পাশে দাঁড়ানো, তাদের জীবন পরিবর্তনের জন্য কাজ করা। এটি নেতৃত্ব বা ক্ষমতার জন্য নয়, বরং দায়িত্ব ও মূল্যবোধের শিক্ষা নেওয়ার জন্য। তিনি আরও বলেন, একজন সচেতন যুবক একজন মানবিক সংগঠক, সে চাইলে একজন মানুষের জীবন বদলে দিতে পারে। আমরা সামাজিক সংগঠন করি মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শেখার জন্য, ক্ষমতা দেখানোর জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর যোগ্যতা অর্জনের জন্য। আমরা সামাজিক সংগঠন করি নিজেদের বড় করার জন্য নয়, মানুষের কষ্ট ছোট করার জন্য।
এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক জেড এ শাহাদাত হোসেন, উপদেষ্টা ও কিশোরগঞ্জ উদ্যোক্তা ক্লাবের প্রধান উপদেষ্টা মো. আসাদুজ্জামান খান মনির, উপদেষ্টা আতিকুল ইসলাম শামীম, জয়নাল আবেদীন, মোঃ এমদাদ উদ্দিন সবুজ, মোহাম্মদ বোরহান উদ্দিন, সুমন, রাজ্জাক প্রমূখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, জেলার ১৩ উপজেলার উপজেলা বিষয়ক সম্পাদক সহ সকল কার্যনির্বাহী সদস্যগণ।
সভায় উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্যরা নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সংবর্ধিত ভাবে উপদেষ্টা এবং কার্যনির্বাহী সদস্যরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন এবং আগামী দিনের সামাজিক ও যুব উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—সংগঠন হবে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল, স্বচ্ছ ও মানবিক মূল্যের উপর ভিত্তি করে।
সভা শেষে সমাপনী বক্তব্যে কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি মো. মোজাম্মেল হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা কথার জন্য নয়, কাজের জন্য এখানে এসেছি। আসুন, একসাথে সংগঠনকে এমনভাবে এগিয়ে নিয়ে যাই যে মানুষের আস্থা এবং যুবকদের আশা উভয়ই অর্জিত হয়।

