মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে তিন দিনব্যাপী নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে চতুর্থ পর্যায়ের ২৪-২৫তম ব্যাচের নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এর সঞ্চালনায় কর্মশালার শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, দায়িত্ব ও করণীয় বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ করবেন এবং একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবেন।
উল্লেখ্য, চতুর্থ পর্যায়ের ২৪-২৫তম ব্যাচের এই তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ১০৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

