মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটিতে আজ সোমবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা ও মেঘে আচ্ছন্ন আকাশের কারণে বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
সকাল থেকেই পাহাড়ি এই জেলায় কনকনে শীত অনুভূত হয়।
সূর্যের অনুপস্থিতিতে তাপমাত্রা আরও কমে যায়, ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের জনগোষ্ঠী। শীত থেকে বাঁচতে অনেককে আগুন পোহাতে ও ভারী শীতবস্ত্র ব্যবহার করতে দেখা গেছে।
শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কুয়াশার কারণে সকালে যানবাহন চলাচলেও কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রাঙামাটিতে এমন শীতল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও শীতবস্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

