*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*
শীত জুড়ে মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা’। এ শীতে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে সংস্থার তত্ত্বাবধানে থাকা পিতৃহারা অনাথ, স্বামীহারা বিধবা এবং দুঃস্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্যোগের অঙ্গ হিসেবে শোয়েটার, চাদর ও বাড়ির ব্যবহারের জন্য কম্বল প্রদান করা হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা পড়ুয়া দুঃস্থ ও অনাথ শিশুদের শীতের কষ্ট লাঘবে কম্বল বিতরণের ব্যবস্থাও করা হয়।
মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা গত কয়েকদিন আগে শীতের সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগণার ঘটকপুকুর এলাকায় পৌঁছে স্থানীয় অনাথদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এই কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য আশরাফুল সরদার। এরপর শীত উপেক্ষা করে রাতেই তিনি পৌঁছে যান দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘী সংলগ্ন রহমাতিয়া বালিকা মাদ্রাসা (আবাসিক)-এ। সেখানে সংস্থার সদস্য বাবুসোনা মোল্লার সাথে নিয়ে মাদ্রাসায় অধ্যয়নরত বেশকিছু দুঃস্থ ও অনাথ ছাত্রীদের হাতে নতুন কম্বল তুলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা জানান, কিছু মানবিক মানুষের সহযোগিতায় ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বেশ কিছু অনাথ ও অসহায় মানুষের জন্য শীতবস্ত্র ও কম্বলের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
তবে এখনও বহু পিতৃহারা অনাথ, স্বামীহারা বিধবা ও মাদ্রাসা পড়ুয়া শিশুদের জন্য শোয়েটার ও কম্বলের প্রয়োজন রয়েছে। সহৃদয় মানুষের সহযোগিতা পেলে এই উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের কাছে মানবিক সহায়তার আহ্বান জানান।
উল্লেখ্য, মানবতা সংস্থা সারা বছর জুড়েই নানা সমাজকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

