উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
মনোনয়ন জমা দেওয়ার শেষদিন সোমবার দুপুরে তাঁর পক্ষে দলের নেতাকর্মীরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও সম্রাট হোসেনের কাছে মনোনয়ন জমা দেন। এসময় ইউএনও দপ্তরের সামনে বিএনপির হাজার হাজার সমর্থক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
শহীদ ইকবালের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়ে প্রবাসী ব্যবসায়ী আলী হোসেন বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মনিরামপুরে বিএনপির নেতাকর্মীদের আগলে রেখেছেন শহীদ ইকবাল হোসেন। দল তাকে প্রাথমিক মনোনয়ন দিয়েও কেড়ে নিয়েছে।
তার পক্ষে স্বতন্ত্র মনোনয়ন জমা দেওয়ার মাধ্যমে তাকে বিজয়ী করে প্রমাণ করতে চাই- এই আসনে শহীদ ইকবালের সমর্থক কতো, কতো মানুষ তাকে ভালবাসেন। ইউএনও সম্রাট হোসেন তাঁর দপ্তরে পাঁচজনের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করেছেন।

