মোঃ মাসুদ রানা, কচুয়া:
শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের কচুয়ায় অবস্থিত জামি’আ দারুত তাওহীদ মাদ্রাসায় অনুষ্ঠিত হলো বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশ। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে।
মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ ড. ইহসান ইলাহী যহির। তিনি বলেন, “একজন শিক্ষার্থীকে কেবল পুঁথিগত বিদ্যায় নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাওহীদ একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ আবু তাহের। তিনি তাঁর বক্তব্যে মাদ্রাসার সার্বিক অগ্রগতি ও শিক্ষকদের নিষ্ঠার প্রশংসা করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শায়েখ আব্দুল মালেক মিয়াজী ও ফরিদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল বাকী। তিনি বলেন, “মাদ্রাসাভিত্তিক শিক্ষা সমাজকে নৈতিকভাবে সমৃদ্ধ করছে—এ ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জামাল হোসেন সোহান। তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। কুরআন ও আধুনিক শিক্ষার সমন্বয়ই পারে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ফানাউল্যাহ শাজুলী, বিশিষ্ট সমাজসেবক রুহুল আমিন চৌধুরী, মাদ্রাসার সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি হাজী দুলাল মিয়া, লোকমান হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক মোজাফফর হোসেন, তাজুল ইসলাম, মাদ্রাসার সাধারণ সম্পাদক গুলজার হোসেন, সহ-সভাপতি এডভোকেট রাসেল খান, সাইফুল ইসলাম, নাহিদ হাসানসহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষপর্বে কৃতী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিদের হাত থেকে পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দ ও গর্বের হাসি।
শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান স্থানীয় শিক্ষাঙ্গনে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

