মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা (Mental Health & Psycho-Social Support—MHPSS) কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কুড়িগ্রামে কমিউনিটি ভিত্তিক কাউন্সেলর উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে এসওএস চিলড্রেনস ভিলেজেসের উদ্যোগে এসওএস কুড়িগ্রাম হলরুমে এ প্রশিক্ষণ সেশন আয়োজন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের কমিউনিটি স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মনোসামাজিক সমস্যার প্রাথমিক শনাক্তকরণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে অংশগ্রহণকারীদের দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসওএস পরিবার শক্তিশালীকরণ প্রকল্পের কো-অর্ডিনেটর মকলেছুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ হোসেন। প্রশিক্ষণে কমিউনিটি এমপাওয়ারমেন্ট ফর ফ্যামিলি এমপাওয়ারমেন্ট (CFE) কর্মসূচির বিভিন্ন স্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কার্যক্রমটি এসওএস পরিবার শক্তিশালীকরণ প্রকল্প, কুড়িগ্রামের আওতায় বাস্তবায়িত হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও পরিবারগুলো প্রয়োজনীয় সহায়তা পেতে সক্ষম হবে।
এ সময় এসওএস-এর কর্মকর্তা রিয়াজ উদ্দিন ও ফাহমিদা হামিদসহ স্বেচ্ছাসেবক রাশেদ, রফিকুল, তাজমিন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

