মো: হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের কোম্পানির রাজারহাট অফিসের নৈশপ্রহরী তপন সরকার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার (২২ ডিসেম্বর)সকাল ১১টায় রাজারহাট প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজারহাট থানা অভিমুখে অগ্রসর হয়। পরে মিছিলটি রাজারহাট থানার সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। রাজারহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,গণ আন্দোলন সংগঠক খন্দকার আরিফ,সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত,নিহত তপন সরকারের পুত্র মানিক সরকার,সাংবাদিক রতন রায় এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার।
বক্তারা বলেন,তপন সরকার হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা হয়নি,যা অত্যন্ত হতাশাজনক।
তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশ থেকে বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য,গত ১৩ ডিসেম্বর রাতে আবুল খায়ের কোম্পানির রাজারহাট অফিসে দায়িত্ব পালনকালে নৈশপ্রহরী তপন সরকারকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় খুনিরা অফিস থেকে প্রায় ৩৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।

