যীশু সেন :
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও স্বাধীনতার মূল্যবোধ রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাউজান সদর মুন্সিরঘাটা স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রাউজান প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম বেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম-সম্পাদক সাহেদুর রহমান মোর্শেদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া ও সিনিয়র সদস্য আরাফাত রহমান প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করা। তাঁরা বলেন, স্বাধীনতার সুফল ধরে রাখতে হলে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালন করতে হবে।
সভায় আরও বলা হয়, বিজয় দিবস শুধু আনন্দের দিন নয়, এটি আত্মত্যাগ ও দেশপ্রেমের শিক্ষা দেয়। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সাংবাদিক সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

