মোঃ মাসুদ রানা,কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলায় রহস্যজনক অগ্নিকাণ্ডে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রবাসজীবনের দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা স্বপ্ন, নিরাপদ আশ্রয় ও সংসারের সব অর্জন এক রাতেই শেষ হয়ে গেছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
ভিডিও ফুটেছে।
জানা গেছে, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টায় কচুয়া উপজেলার দক্ষিণ সেঙ্গুয়া মোল্লা বাড়িতে হঠাৎ বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে ঘরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
ভিডিও ফুটেছে।
ভুক্তভোগী পরিবারটির কর্তা প্রবাসী ওমর ফারুক। তার দীর্ঘদিনের উপার্জনে গড়ে ওঠা বসতঘর ও সংসারের সবকিছু আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেছে। ঘটনার পর ঘরের সামনে বসে হাউমাউ করে কাঁদতে দেখা যায় তার বৃদ্ধ মা সালেহা বেগমকে। ছেলের কষ্টের কথা স্মরণ করে বারবার চোখের জল ফেলছেন তিনি।
ভিডিও ফুটেছে।
প্রবাসী ওমর ফারুকের স্ত্রী শিরিনা বেগম জানান,
“প্রতিদিনের মতো রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আগুনের তীব্রতা দেখে চিৎকার শুরু করি। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়।”
পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়। তাদের অভিযোগ, রাতের আঁধারে শত্রুতাবশত কেউ বা কারা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ শুধু আর্থিক নয়—পুড়ে গেছে একটি পরিবারের স্বপ্ন, শান্তি ও নিরাপত্তা।
ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে এলাকাবাসীরাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে কচুয়ায় এ ধরনের রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

