হাজীগঞ্জ প্রতিনিধি ( শাহরিয়ার মামুন)
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আবুল হোসাইন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক ও আলোকবর্তিকা। স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে তাদের হত্যার মাধ্যমে নবজাতক বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চালানো হয়েছিল।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ, চিন্তা ও আত্মত্যাগ আজও জাতিকে পথ দেখাচ্ছে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণকর সমাজ গঠনে তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

