মোঃ আতাউর রহমান সরকার ( মতলব উত্তর প্রতিনিধি)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামে মডেল গ্রাম গড়ার লক্ষ্যে প্রবাসী ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সোলার লাইট স্থাপন সম্পন্ন হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে গ্রামের রাস্তার মোড়, চলাচলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জনসমাগমপূর্ণ এলাকায় এসব সোলার লাইট বসানো হয়।
আয়োজকরা জানান, গ্রামকে আদর্শ, মানবিক ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রবাসে থাকা গ্রামবাসী ও স্থানীয় যুবকদের সমন্বয়ে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে সোলার লাইট স্থাপন, খেলাধুলার উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এর আগে গ্রামে বৃহৎ মাঠ সংস্কার, বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনসহ নানা সামাজিক ও মানবিক কাজ বাস্তবায়ন করা হয়েছে। সোলার লাইট স্থাপনের ফলে রাতে গ্রামবাসীর চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এদিকে এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী ১৬ ডিসেম্বর ঘাসিরচর কিশোর কাপ–২০২৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। জাতীয় দিবস উপলক্ষে ফাইনাল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান আয়োজকরা।
প্রবাসী ও যুবসমাজের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। তারা গ্রাম উন্নয়নের এমন কার্যক্রম অব্যাহত রাখতে সবার সম্মিলিত সহযোগিতার আশ্বাস দেন।

