নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতীকী কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফদের সদস্যরা। ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)-এর ব্যানারে রোববার (৩০ নভেম্বর ২০২৫) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী কালো ব্যাজ ধারণ করে প্রতীকী শাটডাউন করেন তারা।
বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি পেশা স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ ও স্বাধীন একটি অঙ্গ। অথচ এ অধিদপ্তর বিলুপ্ত বা একীভূত করার উদ্যোগ নার্সিং সেক্টরের মর্যাদা হ্রাস করবে এবং কর্মপরিবেশ আরও জটিল করে তুলবে। তারা দাবি জানান ৮ দফা দাবি বাস্তবায়নসহ নার্স-মিডওয়াইফদের পেশাগত অধিকার নিশ্চিত করা, পদোন্নতি কাঠামো সংস্কার, জনবল বৃদ্ধি এবং সঠিক মর্যাদা প্রদান করতে হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন নার্স শহীদুল্লাহ আল মামুন, নার্স মো. অলিউল্লাহ, নার্স শিশির আক্তার, সালমা শারমিন প্রমুখ। বক্তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থায় নার্সদের ভূমিকা অস্বীকারের উপায় নেই। তবুও দীর্ঘদিন ধরে নার্সিং খাত নানামুখী বৈষম্যের শিকার। জনসেবা কার্যক্রমে অবদান রাখার পরও কাঙ্ক্ষিত স্বীকৃতি ও সুবিধা থেকে বঞ্চিত নার্সরা বারবার আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করা উচিত। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর টিকে থাকলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মাতৃশিশু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণাও দেন তারা।
কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও মিডওয়াইফ অংশগ্রহণ করেন।

