নিউজ ডেক্স ,,।
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর উদ্যোগে সপ্তম বারের মতো অনুষ্ঠিত হলো কৃতী শিক্ষার্থীদের রিইউনিয়ন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান। রোববার (২৯ নভেম্বর) প্যারিসের ১৩তম অ্যারোনডিসমেন্টের একটি অভিজাত হলে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। সভাপতিত্ব করেন বিসিএফ-এর সভাপতি এম. ডি. নূর। সঞ্চালনা করেন জহিরুল রানা, ফাতেমা তুজ জোহরা, ফারসিনা হোসাইন এবং তানিয়া রহমান।
৩০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ফ্রান্সে পড়তে আসা শিক্ষার্থী এবং বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি শিক্ষার্থী মিলিয়ে মোট ৩০ জনকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে ১০ জন ফরাসি উচ্চ মাধ্যমিক (বাক), স্নাতক পর্যায়ের ৩ জন, মাস্টার্স সম্পন্ন করা ১৬ জন এবং একজন চিকিৎসক অন্তর্ভুক্ত ছিলেন।
ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে বিশেষ সম্মাননা জানায় বিসিএফ।
রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা তাঁর বক্তব্যে বলেন, “প্রবাসে বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। বিভিন্ন পেশায় অবদান রাখার মাধ্যমে প্রবাসীরা যে দেশে বসবাস করছেন, সেখানে যেমন সম্মান বৃদ্ধি পায়, তেমনি নিজ দেশ বাংলাদেশেরও মর্যাদা উজ্জ্বল হয়। এমন আয়োজন অব্যাহত রাখা উচিত।”
এছাড়া মানবিক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সাভার উপজেলায় মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের সমর্থনে কাজ করা ফরাসি এনজিও সিএফএফ–জিকে সাভারের ফরাসি ডেলিগেশনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল।
সভার দ্বিতীয় পর্বে বিসিএফ সংগঠক ও সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুলের সম্পাদনায় স্মরণিকা ‘সহযাত্রী ২০২৫’ উন্মোচন করা হয়।
এবারের আয়োজনে বাংলাদেশি এবং ফরাসি শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন রাখা হয়। এছাড়া ভায়োলিনের সুরে ফ্রান্স এবং বাংলাদেশের জাতীয় সংগীত তুলে ধরেন বাংলাদেশ বংশোদ্ভূত ফরাসি তরুণী অর্শী বড়ুয়া।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা এম. এ. তাহের, এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, কমিউনিটি নেতা আবুল খায়ের লস্কর, রাজনীতিবিদ জুনেদ আহমেদ, এফবিজেএ মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, ব্যাংকার ও রাজনীতিবিদ চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, তরুণ সংগঠক ইমরান আহমেদ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠক ওবায়দুল্লাহ কয়েস, ব্যবসায়ী মিয়া মাসুদসহ আরও অনেকে।
বিসিএফ সভাপতি এম. ডি. নূর বলেন, “ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি এবং দেশ থেকে আসা শিক্ষার্থী ও পেশাজীবীদের কল্যাণে বিসিএফ ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখবে। কমিউনিটির সব স্তরের ব্যক্তিদের সহযোগিতা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।”
এবারের আয়োজনে ‘বিসিএফ ইউরোপিয়ান কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে বাংলাদেশি স্টুডেন্ট এন্ড এলামনাই এসোসিয়েশন বেলজিয়াম। তাদের পাঁচ সদস্যদের একটি প্রতিনিধি দল ব্রাসেলস থেকে যোগদান করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে নিবন্ধিত সংগঠন হিসেবে পথচলা শুরু করে বিসিএফ। এ বছরের আয়োজন পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক নজমুল কবির এবং বিসিএফ সদস্যদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক দল।

