শুশান্তুু ধর, কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার উত্তর শিবপুর বাজারে নাজমুল বেকারীতে ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানান ক্ষতিগ্রস্ত মালিক।
দীর্ঘ ২০ বছর ধরে বেকারীর ব্যবসা পরিচালনা করে আসছেন দুই ভাই আবুল হোসেন ও নেছার উদ্দিন। কচুয়া ছাড়াও মতলব দক্ষিণসহ বিভিন্ন উপজেলায় তাদের পণ্য সরবরাহ করা হতো। দীর্ঘদিনের স্বপ্নের এই বেকারী মুহূর্তেই আগুনে পুড়ে যায়, নিঃস্ব হয়ে পড়েন দুই ভাই এবং তাদের প্রতিষ্ঠানে কাজ করা প্রায় ২০-২৫ জন কর্মচারী।
ক্ষতিগ্রস্ত মালিক আবুল হোসেন ও নেছার উদ্দিন জানান,কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বুঝে উঠতে পারছি না। মেশিনপত্র, কাগজপত্র, মালামালসহ সবকিছু একেবারে শেষ। দীর্ঘদিনের পরিশ্রমের সবকিছু আগুনে ছাই হয়ে গেল। আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব।
দোকানের কর্মচারীরা জানান, ভোরে হঠাৎ আগুন দেখে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসেন। কোনোমতে প্রাণ বাঁচিয়ে বের হতে পারলেও চোখের সামনে পুড়ে যায় পুরো বেকারী। তারা আরো বলেন,আমরা এখানে কাজ করতাম, এখন পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,খবর পেয়ে দ্রুত এসে খোঁজখবর নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার চেষ্টা করা হবে।
এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহাতাব মন্ডল বলেন,খবর পেয়ে যাওয়া পর্যন্ত স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হঠাৎ এই আগুনে প্রায় অর্ধ কোটি টাকার মূল্যবান মেশিন, কাঁচামাল, কাগজপত্র ও বেকারির সব সরঞ্জাম পুড়ে যায়। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে গভীর সংকটে পড়েছেন দুই ভাইসহ বেকারির সকল কর্মচারী।
ছবিঃ কচুয়ায় উত্তর শিবপুর বাজারে অগ্নিকান্ডের পুড়ে ছাই বেকারী।

