*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*
কলকাতার ডালহৌসিতে সেন্ট্রাল ব্যাংকের হেডকোয়ার্টারের উদ্যোগে ক্ষুদ্র, মাঝারি শিল্প ও কৃষি ক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কলকাতা উত্তর ও দক্ষিণ শাখার ম্যানেজারদের উপস্থিতিতে চেকের মাধ্যমে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও কৃষকদের হাতে ঋণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। ব্যাংকের এক কর্মকর্তা জানান, এমএসএমই ঋণ আউটরিচ প্রকল্পের মাধ্যমে ছোট শিল্প ও গ্রামাঞ্চলের কৃষক, শ্রমজীবী ও দিনমজুরদের অল্প সুদে ঋণ প্রদান করা হবে, যাতে তারা স্বনির্ভর হতে পারেন।প্রাথমিকভাবে সেন্ট্রাল ব্যাংক ৫০০ কোটি টাকার ঋণ বিতরণের প্রস্তুতি নিয়েছে।
বজবজের প্রিয়া এন্টারপ্রাইজ নামে একটি জুট মিল ৬ কোটি ৬০ লক্ষ টাকার ঋণ পেয়ে ব্যাংককে ধন্যবাদ জানায়। প্রতিষ্ঠানের মালিক জানান, বর্তমানে ৩০০ কর্মী কাজ করলেও ব্যাংকের সহায়তায় ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যাংকের জেনারেল ম্যানেজার অনুপ কুমার, জেনারেল হেড তারসিম সিং জিরা, কলকাতা উত্তর বিভাগের সুনীল কুমার, দক্ষিণ বিভাগের উজ্জ্বল কুমার চন্দ্র, সমরজিৎ মিত্রসহ বিভিন্ন শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও গ্রাহকরা।
অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

