কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-০১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুলের প্রচার—প্রচারণা চালাচ্ছে নিয়মিত। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা এলাকায় তিনি বর্ণাঢ্য র্যালি ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, অবশ্যই আগামীতে আর কোন স্বৈরশাসিতের জন্ম হবে না, এদেশের গণতন্ত্র কি কেউ হত্যা করতে পারবে না, এদেশের মানুষের অধিকারকে কেউ কেড়ে নিতে পারবে না, এবং দেশ পরিচালনায় জনগণকে কিভাবে সম্পৃক্ত করে, জনগণের প্রতিনিধিদেরকে কিভাবে সম্পৃক্ত করে, আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করা যায়, এই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফার মধ্যে তা উল্লেখ করেছেন।
র্যালিতে অংশ নিয়ে তিনি পথচারী ও স্থানীয়দের হাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট তুলে দেন এবং দফাগুলোর গুরুত্ব সম্পর্কে বলেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি কাজী রবিন সহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী।

