মোঃ হোসেন গাজী, চাঁদপুর,,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিএনপির সরকার প্রতিটি পরিবারের মহিলা প্রধানদের নামে ‘ফ্যামিলি কার্ড’ তৈরি করবে। এই কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় সকল কিছু পাওয়া যাবে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে চরভৈরবী ইউনিয়নের গাউছুল আজম ছবরিয়া আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
সমাবেশে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে শেখ ফরিজ আহমেদ মানিক বলেন, “গত ১৭ বছরে আপনারা নির্বাচনে তো ভোট কেন্দ্রের আশেপাশে যেতে পারেননি, আগামী নির্বাচনে সুন্দরভাবে আপনারা নিজের ভোট নিজে যাকে খুশি তাকে দিতে পারবেন।”
তিনি বলেন, “আপনারা যারা আজকে মহিলা সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনারা তো ধানের শীষে ভোট দেওয়ার জন্য এখানে এসেছেন। আপনাদের বাড়ির আশেপাশে যারা আছেন, তাদেরকেও বলবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য।” তিনি আশ্বস্ত করে বলেন, ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শুধু ফ্যামিলি কার্ডই নয়, আপনাদের এলাকার সকল রাস্তাঘাট এবং পানির সমস্যারও সমাধান করা হবে।
চরভৈরবী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ও চরভৈরবী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাজ্বী মোহাম্মদ আলী আখন এর সার্বিক তত্ত্বাবধানে এই মহিলা সমাবেশটি সফল হয়।
চরভৈরবী ইউনিয়ন মহিলা দলের সভাপতি তাহমিনা আক্তার-এর সভাপতিত্বে এবং চাঁদপুর মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাছিমা আক্তার-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এবং জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কোহিনুর বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, ভুট্টু মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা মহিলা দলের সদস্য সচিব জাহানারা বেগম, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান জিতু হালদার, সাধারণ সম্পাদক ভুট্টু কাজী সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

