মোঃ আতাউর রহমান সরকার, মতলব উত্তর (চাঁদপুর)
মতলব উত্তর ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুরে সরজমিনে এমন চিত্র।
দেশে আইনের শাসন থাকলেও কিছু এলাকায় এখনো জোর-জবরদস্তি করে অন্যের সম্পত্তি দখলের প্রবণতা থামেনি। তেমনি একটি ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর প্রধানীয়া বাড়িতে।
ভুক্তভোগী জসিম উদ্দিন প্রধান জানান, দীর্ঘদিন ধরে তিনি তার বাপ-দাদার ভিটায় বসবাস করে আসছেন। কিন্তু গত শুক্রবার সন্ধ্যার পর তার প্রতিবেশী পক্ষের ২০-২৫ জনের একটি দল বেকু মেশিন নিয়ে এসে তার গরুর ঘর, পাকের ঘর, দুটি টয়লেট, এবং বাঁশসহ ছোট-বড় বিভিন্ন গাছ কেটে ফেলে, ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ সাইফুল ইসলাম এর পক্ষে নাজমুল হোসেন সাত্তার বলেন,
> “আমরা আমাদের নিজস্ব জায়গা পরিষ্কার করেছি। দুই/তিন বছর আগে সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. কুদ্দুস ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সাজেদুল হাসান বাতেনসহ স্থানীয় গণ্যমান্যরা উভয় পক্ষের মধ্যে জায়গা ভাগ-বাটোয়ারা করে দেন। কিন্তু জসিম উদ্দিন প্রধান গং আমাদের পাওনা জায়গা দেয়নি, তাই আমরা সেটি পরিস্কার করেছি।”
ভুক্তভোগী জসিম উদ্দিন প্রধান জানান, নিরুপায় হয়ে তিনি ৯৯৯ এ ফোন করেন। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন,
> “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ৯৯৯ থেকে খবর পাওয়ার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন—আইনের দেশে এখনো কেন জোরের দাপটে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে?
রাষ্ট্র সবার, আইনও সবার। প্রশাসনের ভূমিকা জনগণের সেবার জন্য—জোর নয়, ন্যায়ই হোক পথচলার মূলমন্ত্র।

