ক্রীড়া প্রতিবেদক।
দুই টেস্ট ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ২০২৩ সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশ সফরে আসছে আইরিশরা। এবারের সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তারা দুটি টেস্ট ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। সূচি অনুযায়ী, ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে আয়ারল্যান্ড দল, এরপর ১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দিয়েই বিশেষ এক মাইলফলকে নাম লেখাবেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ইনজুরি মুক্ত থেকে দুটি ম্যাচ খেলতে পারলে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ১০০তম টেস্ট ম্যাচ খেলার ঐতিহাসিক কীর্তি গড়বেন।
টেস্ট সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

