ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
মাদক নির্মূলে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।
উপজেলা নির্বাহী অফিসার তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এক পোস্টে লিখেছেন—সন্তান হঠাৎ করেই একদিনে মাদকাসক্ত হয়ে পড়ে না। তাই প্রতিটি অভিভাবককে সন্তানের চলাফেরা ও আচার-আচরণ বিষয়ে সতর্ক থাকতে হবে। স্কুল ও প্রাইভেট ক্লাশ কখন শেষ হয়, সন্তান নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কি না, কার সঙ্গে মিশছে এবং কোথায় আড্ডা দিচ্ছে—এসব বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। ইউএনওর মতে, একজন মাদকাসক্ত সন্তানের চেয়ে বড় অভিশাপ আর কিছু হতে পারে না।
তিনি আরও জানান, নান্দাইলের যেসব স্থানে মাদক সংক্রান্ত কার্যক্রম চলছে সেসব তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। নান্দাইলকে মাদকমুক্ত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
“মাদকের বিরুদ্ধে না বলুন”—এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। মাদক গ্রহণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন ইউএনও সারমিনা সাত্তার।

