হাজীগঞ্জ প্রতিনিধি: শাহরিয়ার মামুন
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে হকার ও যানজটমুক্ত হলো চাঁদপুরের হাজীগঞ্জ বাজার। উপজেলা প্রশাসন, পৌরসভা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে চলমান অভিযানের ফলে বাজার এখন অনেকটাই সুসংগঠিত ও চলাচলের উপযোগী। এতে করে সাধারণ মানুষ, পথচারী ও ক্রেতাদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।
বাজারের প্রতিদিনের চিত্র ছিল যানজট, হকারের দখল ও অব্যবস্থাপনার এক করুণ চিত্র। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং ব্যবসায়ী ও ক্রেতারা পড়তেন নানান ভোগান্তিতে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর অবস্থান ও সঠিক ব্যবস্থাপনায় বদলে গেছে পুরো দৃশ্যপট।
স্থানীয়রা বলছেন, “এই উদ্যোগ যদি স্থায়ীভাবে বজায় থাকে, তবে হাজীগঞ্জ বাজার হবে চাঁদপুর জেলার অন্যতম পরিচ্ছন্ন ও পরিকল্পিত বাজার। এখন হাঁটতে হাঁটতে দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি নেই, আর যানজটেও আটকে থাকতে হয় না।”
পৌর প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এই পদক্ষেপ অব্যাহত থাকবে এবং কেউ পুনরায় অবৈধভাবে রাস্তা দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এখন দেখার বিষয়, এই পরিবর্তন কতদিন স্থায়ী হয় এবং এলাকাবাসী ও ব্যবসায়ীরা কতটা সহযোগিতা করে যানজটমুক্ত হাজীগঞ্জ বাজারকে ধরে রাখতে। তবে আপাতত এই পরিবর্তন স্থানীয় জনগণের মনে এনে দিয়েছে স্বস্তি ও আশার আলো।

