মোঃ হোসেন গাজী।।
হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন হাইমচর উপজেলা তাতীদলের সহ-সভাপতি হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম (৪) এবং মেয়ে ফয়জিয়া (২)।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের অগোচরে ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অমিত কুমার সরকার পরীক্ষা- নিরীক্ষার পর সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করে। হাইমচর থানা ওসি তদন্ত শাহ আলম জানান, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

