টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল তালুকদার (৪৫) নামে এক মাংস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের কষ্টাপাড়া এলাকায় সড়কের পশ্চিম পাশে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের মরহুম বদি তালুকদারের ছেলে। তিনি দেড় মাস ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। তিনি ঢাকায় থাকলেও প্রায়ই গরু কেনার জন্য বাড়িতে আসতেন। নিজ এলাকায় স্থানীয় গরুর হাট থেকে গরু কিনে ঢাকায় নিয়ে জবাই করে মাংস বিক্রি করতেন।
গতকাল দুপুরে তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তারপর রাতে বাড়ি না ফেরা ও তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে।
এদিকে সকালে ভূঞাপুর- যমুনা সেতু সড়কের পাশে স্হানীয় লোকজন সাইফুলের মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম রেজাউল করিম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য সাইফুলের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার আসল কারণ জানা যাবে ৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

