“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ই মার্চ বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহায়তায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আখতার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার। এছাড়াও নারী দিবসের প্রতিপাদ্যের উপর আলোচনা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা জাইকা কর্মকর্তা সহ পল্লী সমাজ ও নারী নেতৃবৃন্দ । নারী দিবসে পল্লী সমাজ সদস্য, ভুক্তভোগী আইজিএ উপকার ভোগী, নারী উদ্দোক্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি প্রান্তিক পর্যায়ে অবহেলিত নারী সমাজ কে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, বিভিন্ন প্লাটফর্ম এর সাথে যোগাযোগ করে আইটি প্রশিক্ষন প্রদান, সাইবার অপরাধ ও হয়রানি থেকে নারীদের আত্নরক্ষার কৌশল অবলম্বন শীর্ষক সচেতনতা সভা , আইনি সুরক্ষা বলয় তৈরি ও সেবা প্রদান কার্যক্রম চলমান রেখেছেন। মূলত নারী পুরুষের সমতা,সম অংশীদারিত্ব ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে ডিজিটাল স্পেসে জেন্ডার গ্যাপ কমিয়ে নারী পুরুষের সমতার প্রতিষ্ঠার পথে প্রযুক্তিতে কাজে লাগানোর অঙ্গীকারের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

