উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন, মারধর এবং শ্বা-.সরোধ করে হ-.ত্যাচেষ্টার অভিযোগে তিনটি মাদ্রাসার পরিচালক মো. মাহবুব হাসান মামুনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
একই ঘটনায় তাঁদের তিন বছর আট মাস বয়সী শিশুকন্যাকেও মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) নওগাঁ পৌরসভার আনন্দনগর এলাকার তা'লিমুন্নিসা মহিলা মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ভুক্তভোগী স্ত্রী মোছা. সওদা খাতুন (২৫) নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করে। তদন্ত শেষে থানায় মামলা রুজু ও এজাহার করা হয়। পরে ওই মামলায় অভিযান চালিয়ে মাহবুব হাসান মামুনকে গ্রেপ্তার করা হয়।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ আগস্ট পারিবারিকভাবে মাহবুব হাসান মামুনের সঙ্গে সওদা খাতুনের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। সওদার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি মোছা. মাহমুদা বেগম (৪৫) বিভিন্ন সময় তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠকও হয়েছে।
অভিযোগে সওদা উল্লেখ করেন, বিয়ের পর মেয়ের সংসার সাজানোর জন্য তাঁর বাবা আসবাবপত্র কেনার উদ্দেশ্যে এক লাখ টাকা দেন। পাশাপাশি একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলও উপহার দেন। নিজের উপার্জিত অর্থও সংসারের প্রয়োজনে এবং স্বামীর সঞ্চয়ের জন্য ব্যয় করেছেন বলে জানান তিনি।
সওদার অভিযোগ, গত ২ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে আনন্দনগরে স্বামীর বাসায় অবস্থানকালে মাহবুব হাসান তাঁর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালিগালাজ ও মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি শিশুকন্যাকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে স্বামী ফোন করে তাঁকে বাড়িতে যেতে বলেন। তাঁর কথায় বিশ্বাস করে ওই দিন বিকেল আনুমানিক ৫টার দিকে সওদা স্বামীর বাড়িতে যান। সেখানে যৌতুকের টাকা ছাড়া তাঁর সঙ্গে সংসার করতে রাজি নন বলে জানানো হয়।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মা-.রধর করেন এবং শাশুড়িও চুলের মুঠি ধরে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় তাঁদের তিন বছর আট মাস বয়সী শিশুকন্যাকেও মারধর করা হয় বলে দাবি করেন সওদা।
সওদার আরও অভিযোগ, একপর্যায়ে তাঁর স্বামী গলা চেপে ধরে শ্বা-.সরোধ করে হ- ত্যার চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত মাহবুব হাসান মামুন নওগাঁয় তিনটি মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানগুলো হলো—তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা (শাহী মসজিদের সামনে), ন্যাশনাল প্রি-ক্যাডেট হাফেজিয়া মাদ্রাসা (পলিটেকনিক কলেজের সামনে) এবং তা'লিমুন্নিসা মহিলা মাদ্রাসা (আনন্দনগর)।
গ্রেপ্তারের পর মাহবুব হাসান মামুনকে আদালতে সোপর্দ করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।