উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে সাগর হোসেন (২৯) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের গাঙ্গুরিয়া হাটে অটোভ্যান চুরির অভিযোগে সাগর হোসেনকে আটক করেন স্থানীয় লোকজন।
এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় সাগর হোসেনকে চিকিৎসার জন্য পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছিল।
তবে বুধবার ভোরের কোনো একসময় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। কীভাবে এবং হাসপাতালের কোন পথ দিয়ে তিনি পালিয়েছেন, তা নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
পলাতক সাগর হোসেন নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল রাওতারা গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামির নিরাপত্তা ও হাসপাতালের পাহারার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।