
সনজিত কুমার শীল, আরব আমিরাত:
সংযুক্ত আরব আমিরাতে কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতা, নিষ্ঠা ও একাগ্রতার স্বীকৃতিস্বরূপ ‘লেবার মার্কেট ট্যালেন্টস’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ওয়াহিদ আব্দুল শহিদ। গত ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় আয়োজিত ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড’-এর চতুর্থ আসরে তিনি এ সম্মাননা অর্জন করেন।
আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএই প্রেসিডেন্সিয়াল কোর্টের ডেভেলপমেন্ট অ্যান্ড ফলেন হিরোজ ডিপার্টমেন্টের ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও অবদানকে স্বীকৃতি দেওয়া, সফল উদ্যোক্তা ও দক্ষ কর্মীদের সম্মানিত করা এবং শ্রমবাজারে ইতিবাচক ও অনুসরণীয় চর্চাগুলো তুলে ধরাই এ পুরস্কারের মূল লক্ষ্য।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বিভিন্ন পর্যায়ে মোট ৩৩ হাজার আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত পর্বের বিজয়ীদের নির্বাচিত করা হয়। সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বাংলাদেশসহ চার দেশের নাগরিক পুরস্কার অর্জন করেন। তাঁদের মধ্যে একজন ফিলিপাইনের, একজন নেপালের, একজন বাংলাদেশের এবং একজন উগান্ডার নাগরিক রয়েছেন।
মোহাম্মদ ওয়াহিদ ‘ওয়ার্কফোর্স’ ক্যাটাগরিতে ‘লেবার মার্কেট ট্যালেন্টস (স্টোরিজ অব পারসিভিয়ারেন্স)’ সম্মাননা লাভ করেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি সম্মাননাপত্র, স্বর্ণপদক এবং নগদ ৫০ হাজার আমিরাতি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা।
এ অর্জনে আনন্দ প্রকাশ করে মোহাম্মদ ওয়াহিদ বলেন, “এ পুরস্কার শুধু আমার ব্যক্তিগত গর্বের বিষয় নয়, এটি সারা বিশ্বের বাংলাদেশি প্রবাসীদের জন্যও গর্বের। এ সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি এ দেশে বসবাসরত সব প্রবাসীর উচিত দেশটির আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিনয় ও দায়িত্বশীলতার সঙ্গে জীবনযাপন করা। আমরা যেমন নিজের দেশকে ভালোবাসি, তেমনি প্রবাসের দেশ সংযুক্ত আরব আমিরাতকেও ভালোবাসা ও সম্মান করা উচিত।
প্রবাসের মাটিতে একজন বাংলাদেশির এমন আন্তর্জাতিক স্বীকৃতি প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দ ও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।