বিশেষ প্রতিনিধি,অধিকার ডেক্স নিউজ:
ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন রয়েছে।
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবির এ মোতায়েন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।