
রতন মালাকার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলায় স্থানীয় পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মান বৃদ্ধি, দ্রুতগতির ডাটা ট্রান্সমিশন এবং আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে এক বিশেষ টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শীর্ষস্থানীয় সেবা দানকারী প্রতিষ্ঠান সাহা ইলেকট্রনিক-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাহা ইলেকট্রনিকের পরিচালক বিক্রম সাহা। বিশেষ অতিথি ও কারিগরি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি ও প্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেড-এর দুই ঊর্ধ্বতন প্রতিনিধি।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ইন্টারনেট খাতের অন্যতম ব্যবসায়ী -সহ সাপাহার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ব্রডব্যান্ড সেবা দানকারী প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক অভিজ্ঞ টেকনিশিয়ান ও উদ্যোক্তারা অংশ নেন।
সেমিনারে মূলত প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন সংযোগ বজায় রাখার ক্ষেত্রে নানা জটিলতা ও তা নিরসনে ফাইবারের আধুনিক টেকনোলজি এবং উন্নত রাউটার (যেমন: টিপি-লিংক ও মার্কারসিস) ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এক্সেল টেকনোলজিসের প্রতিনিধিদ্বয় উপস্থিত টেকনিশিয়ানদের বিভিন্ন কারিগরি সমস্যার সহজ সমাধান ও গ্রাহক সেবার মান বৃদ্ধির কৌশল প্রদর্শন করেন।
পরিচালক বিক্রম সাহা জানান, সাপাহার উপজেলার ডিজিটাল কানেক্টিভিটিকে আরও আধুনিক করতে মাঠ পর্যায়ের টেকনিশিয়ানদের এই প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা পালন করবে এবং আগামীতেও তাদের এই প্রযুক্তিগত সহায়তার ধারা অব্যাহত থাকবে।