উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরের আগে দুই কর্মকর্তা সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন।
এর সঙ্গে নিজেদের আরও ৪ লাখ টাকা যোগ করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবাদপুকুরে ফিরছিলেন তারা।
পথিমধ্যে পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি তাদের পথরোধ করেন।
এ সময় তারা লোহার রড দিয়ে দুই ব্যাংক কর্মকর্তাকে মারধর করে গুরুতর আহত করেন এবং তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান।
পরে স্থানীয়রা আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।