উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আগেও তিনটি মাদক মামলা রয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৩ নম্বর ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর (হাড়ভাঙ্গা) গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পারুল বেগম ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পারুল বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে তাকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির আঙিনায় গরুর ঘাসের নিচে কালো পলিথিনে লুকিয়ে রাখা ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পোরশা থানার পুলিশ জানায়, পারুল বেগমকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে জানা যায়। তার বিরুদ্ধে পূর্বে আরও তিনটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় পোরশা থানায় নতুন করে একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।